হাসিনার জন্মদিনের কেক কাটতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে

হাসিনার জন্মদিনের কেক কাটতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে
গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর করে আদালত ।ছবি: সংগৃহীত

বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীর মধ্যে ১৪ জনকে তিন দিন করে এবং অপর আসামি ফারজানার একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ রিমান্ড আদেশ দেন।

রিমান্ডে নেয়া আসামিরা হলেন— মো. ইয়াকুব হোসাইন রাজিব, আরাফাত মিয়া, রিফাত হাওলাদার, হৃদয় হাসান, ফাহিম, রাজিব হোসেন রানা, মো. ফিরোজ, মো. আরিফ, মো. ওমর ফারুক, আব্দুল্লাহ আল আমান, সোহানুর হোসেন শাহিন, মো. হাসিব, ফারজানা ও হাসিব মিয়া।

এদিন তাদেরকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে ফারজানার একদিন এবং অন্য ১৪ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছে, রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরে বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের বাসায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্র বিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি গ্রহণ করেছেন। এই সংবাদ পেয়ে ২৮ সেপ্টেম্বর বিকেল ৫টার পর পুলিশ অভিযান চালিয়ে রুমের ভেতর থেকে আসামিদের আটক করেন। এ সময় অজ্ঞাত পরিচয় ২০ থেকে ২২ জন আসামি কৌশলে পালিয়ে যান। তল্লাশি করে রুমের টেবিলের ড্রায়ারের ভেতর থেকে স্বেচ্ছাসেবক লীগ বরগুনা জেলার পাথরকাটা উপজেলার কাকচিরা ইউনিয়ন কমিটির পদপ্রার্থী বিশ জনের নাম ও জীবন বৃত্তান্ত লেখা ২০টি পাতা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আটক আসামিরা নিষিদ্ধ সংগঠন উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সদস্য বলে জানান। এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন