সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের একটি জমি জব্দ এবং ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। শনিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন।
এর আগে গত ১৫ অক্টোবর দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম এ আবেদন করেন। এই আবেদনে বলা হয়, ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ দুই কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৮২৬ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে। এ ছাড়া তার নামে ১৪টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৫ কোটি ৯০ লাখ ১৫ হাজার ৫৯০ টাকা লেনদেনের তথ্য উল্লেখ করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, আসামি যেকোনো সময় সম্পদ অন্যত্র বিক্রি বা হস্তান্তর করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। এতে বিচার শেষে সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব না হলে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হতে পারে। এ কারণে ঢাকার নন্দীপাড়া মৌজায় তার নামে থাকা ০.৭৯৬ শতাংশ জমি ক্রোকের আবেদন করা হয়।
এ ছাড়া সিটি ব্যাংকের প্রিন্সিপাল অফিস ও বনানী শাখা এবং এনসিসি ব্যাংকের মতিঝিল শাখায় থাকা ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করা হয়। শুনানি শেষে জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের ওই আদেশ দেন আদালত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


