রাজধানীর তেজগাঁও থানা এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এই আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— মো. আকাশ আহম্মেদ সামির ওরফে আবদুল্লাহ (২৫), মো. শাখাওয়াত হোসেন (৪৮) এবং মো. নুর নবী (৩০)।
এর আগে গত ১১ অক্টোবর আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক মো. আব্দুর রহিম। ওই দিন আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত।
এদিন রিমান্ড শুনানির আগে তিন আসামিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিদের পক্ষে অ্যাডভোকেট মনির হোসাইন সুমনসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১০ অক্টোবর রাত ১টা ১০ মিনিটের দিকে তেজগাঁও থানা এলাকার জাহাঙ্গীর গেট থেকে আগারগাঁওগামী লিংক রোডের মাথায়, প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিস্ফোরিত ককটেলের অংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
ঘটনাটি ঘটার পর ওই দিনই তেজগাঁও থানার উপপরিদর্শক মো. মাহিদুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন। মামলার এজাহারে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মী এবং সমর্থকদের বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়। মামলার অনুসন্ধানকালে পুলিশ অভিযুক্ত এই তিনজনকে গ্রেপ্তার করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


