পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শিক্ষা চিন্তাশক্তি বাড়িয়ে দেয়। সত্য-মিথ্যা ও পক্ষপাতের মধ্যে পার্থক্য গড়ে তোলে। শিক্ষার সঙ্গে নৈতিকতা খুব গুরুত্বপূর্ণ। আমাদের খুব বেশি প্রয়োজন ট্রু এডুকেশন। যদি আমরা সেদিকে নজর না দেই তাহলে শুধু শিক্ষা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে।
বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, নবীনদের শিক্ষার্জনের পাশাপাশি নৈতিকতা বজায় রাখতে হবে, দায়িত্বশীল হতে হবে এবং মানব ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে হবে। আমরা যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিকে প্রায়োরিটি না দেই, ক্রীড়াঙ্গনকে যদি নিজেদের সঙ্গে সম্পৃক্ত না করি, তাহলে এই শিক্ষা সমাজব্যবস্থাকে শক্তিশালী করতে পারবে না। সমাজব্যবস্থাকে শক্তিশালী করতে হলে নৈতিকতা, সমাজে অবদান রাখা ও নিজেদের সেভাবে গড়ে তুলতে নজর রাখতে হবে।
তিনি আরো বলেন, এখন এআইয়ের যুগ। আপনি এআইকে কিভাবে কাজে লাগাবেন, এটা নির্ভর করবে আপনার নিজস্ব দক্ষতা ও উদ্দেশ্যের ওপর। কারণ চতুর্থ শিল্প বিপ্লবের সময় অনেক সুযোগ আপনাদের তৈরি হয়েছে। আজকে এআইয়ের মাধ্যমে চেষ্টা করলে টার্গেট পয়েন্টে পৌঁছানো খুব সহজেই সম্ভব।
লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার আবু তারেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক প্রফেসর শহীদুল্লাহ্ মজুমদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

