৪ দিনের রিমান্ডে আতিক, বাকিরা বিভিন্ন মেয়াদে

৪ দিনের রিমান্ডে আতিক, বাকিরা বিভিন্ন মেয়াদে

গণঅভ্যুত্থানে রাজধানীর ভাটারায় সোহাগ হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া মিরপুরে আসিফ হত্যা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে তিনদিনের রিমান্ড দেওয়া হয়েছে।

সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি।

বিজ্ঞাপন

তিনি বলেন, আতিক-নজরুল ছাড়াও যুবদল নেতা শামীম হত্যায় সাবেক এডিসি শাহেন শাহর তিনদিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুল হত্যাচেষ্টা মামলায় ঢাকা উত্তর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা আক্তারকে দুদিনের রিমান্ড দিয়েছেন বিচারক।

পিপি ফারুক বলেন, এদিন আতিক ও নজরুলকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন, শাহেনের ১০ দিন ও শামীমার সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। তবে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দেয় আদালত।

তিনি আরো বলেন, ১৯ জুলাই রাজধানীর ভাটারার মাদানী অ্যাভিনিউ ১০০ ফিট রোডের ফরাজী হাসপাতালের সামনে আন্দোলনে অংশ নেন কিশোর সোহাগ মিয়া। এ সময় আসামিদের ছোড়া গুলি তার বাম কান দিয়ে ঢুকে মাথায় পেছনে দিয়ে বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় সাবেক মেয়র আতিকসহ ৯১ জনের বিরুদ্ধে ২০ আগস্ট ভাটারা থানায় হত্যা মামলা হয়।

এদিন সাবেক এমপি আমির হোসেন আমুকে খিলগাঁও থানার হত্যা মামলায়, সাদেক খানকে মোহাম্মদপুর থানার মামলায়, উত্তরা পূর্ব থানার এক হত্যা মামলায় নজরুলকে, আদাবর থানার এক মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রামপুরা থানার এক মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে শাফি মোদ্দাসের খান জ্যোতি, বাড্ডা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহাকে বাড্ডা থানার মামলায়, একই থানার আরেক মামলায় সাবেক ডিসি মশিউর রহমানকে এবং যুব মহিলা লীগ নেত্রী শামীমা আক্তারকে তেজগাঁও থানার এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন