হিযবুত তাহরীরের তিন সদস্য রিমান্ডে

হিযবুত তাহরীরের তিন সদস্য রিমান্ডে

রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্যের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদের আদালত তাদের এ রিমান্ডের মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এদিন তাদের আদালতে হাজির করে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। অপরদিকে, জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে মনিরুল ইসলামকে দুই দিন এবং মোহতাসিন বিল্লাহ ও মাহমুদুল হাসানকে এক দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত।

মামলায় অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য উগ্রবাদী মতাদর্শ প্রচারের করছে। এতে জনসাধারণের ভেতর আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি আশংকা দেখা দেয়। নিষিদ্ধ সংগঠনটি ৭ মার্চ শুক্রবার জুম্মার নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেটে ‘মার্চ ফর খেলাফত’ কর্মসূচি ঘোষণা করে। ঘোষণা বাস্তবায়ন করতে উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরে মোহতাসিন বিল্লাহর বাসায় একত্রিত হয়ে তারা শলা পরামর্শ করেছিল। সেখানে অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়। পরে ১২ নম্বর সেক্টর থেকে মাহমুদুল হাসানকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য বলে জানা যায়।

এ বিষয়ে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাব-ইন্সপেক্টর আলমগীর কবির মামলা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন