আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামিন নামঞ্জুর, কনটেন্ট ক্রিয়েটর ফাহিম কারাগারে

স্টাফ রিপোর্টার

জামিন নামঞ্জুর, কনটেন্ট ক্রিয়েটর ফাহিম কারাগারে

রাজধানীর গুলশান থানার হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীর জামিন নামঞ্জুর করে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আউলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত এ আদেশ দেন। তবে এদিন জামিন শুনানি করতে আসামিকে আদালতে হাজির করা হয়নি।

বিজ্ঞাপন

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন বলেন, আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে রাখার আদেশ বহাল রাখেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর সুবাস্তু মার্কেটের সামনে হাজারো ছাত্র-জনতা মিছিল করছিল। তৎকালীন সরকার ও ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের নির্দেশনায় আন্দোলন দমনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালান । ভুক্তভোগী মো. ইমরান বাড়ি ফেরার পথে আন্দোলনে অংশ নেয়। এ সময় আসামিদের গুলিতে গুরুতর আহত হন সে। পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৫ সালের ২৫ এপ্রিল গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

গত ২৯ মার্চ বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে স্থানীয় জনতা ও কিছু শিক্ষার্থী কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আটক করে। পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর সেখান থেকে নেওয়া হয় গুলশান থানায়।

গতকাল সোমবার (৩০ মার্চ) এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন