রাজধানীর ডেমরা এলাকা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন (৩২)কে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
সোমবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
রোববার রাত আনুমানিক ৯:৩০ টায় ডেমরা থানার মাতুয়াইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম।
সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ইমরান হোসেন মিরপুর মডেল থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি। গত বছরের ৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়।
মামলার এজাহারে বলা হয়, গত বছরের ১৯ জুলাই রাজধানীর মিরপুর-১০ ফলপট্টি এলাকায় হাজার হাজার ছাত্র-জনতা বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ভিকটিম হৃদয় গুরুতরভাবে আহত হয়।
সিটিটিসি সূত্র আরও জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় উক্ত মামলার এজাহারনামীয় আসামি ইমরান হোসেনকে রবিবার রাত আনুমানিক ৯:৩০ টায় ডেমরা থানার মাতুয়াইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

