নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার তিন জন কারাগারে

নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার তিন জন কারাগারে

রাজধানীর রামপুরায় এক নারী সাংবাদিককে হেনস্তা করার অপরাধে গ্রেপ্তার তিন জনকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন- সোয়েব রহমান জিসান, রাইসুল ইসলাম ও কাউসার হোসেন।

বিজ্ঞাপন

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ'র আদালত তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

রামপুরা থানার আদালতের (নারী-শিশু) প্রসিকিউশন বিভাগের উপ পরিদর্শক আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চত করেন।

আদালত সূত্রে জানা যায়, শুক্রবার তিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। এ সময় জামিন চেয়ে আবেদন করে আসামি পক্ষের আইনজীবীরা। জামিনের বিরোধিতা করেন প্রসিকিউশন বিভাগ। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

গত বুধবার রাতে রামপুরা এলাকায় নারী সাংবাদিককে হেনস্তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়৷ বিষয়টি নজরে আসার পর ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-৩। এ ঘটনায় ভুক্তভোগী নারী সাংবাদিক বাদী হয়ে রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামি সোয়েব রহমান জিসানকে রামপুরার মেরাদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রমনা থানাধীন বেইলি রোড এলাকা থেকে রাইসুল ইসলাম ও গেন্ডারিয়া এলাকা থেকে কাউসার হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব।

এর আগে বুধবার ওই নারী সাংবাদিক তার ফেসবুকে ‘নিজের বাসার সামনে নিরাপদ না’ শিরোনামে একটি পোস্ট দেন। সেখানে তিনি অভিযোগ করেন, কিছু ছেলে তাকে টিজ করায় তার ভাই প্রতিবাদ করেন। বখাটেরা তখন তর্ক জুড়ে দিয়ে তার ভাইকে মারধর করে। ওই নারী সাংবাদিক তার ভাইকে রক্ষা করতে গেলে বখাটেরা তাকেও হেনস্তা করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন