বিয়ের প্রলোভনে ধর্ষণ করার অভিযোগে সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিবের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক নারী ব্যাংক কর্মকর্তা।
মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. শওকত আলীর আদালতে এ মামলা করেন তিনি।
এ বিষয়ে বাদির আইনজীবী নাসিদুস জামান নিশান বলেন, 'বাদি উপস্থিত হয়ে ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন। পরে বিচারক বাদীর জবানবন্দি রেকর্ড করেন। শুনানি শেষে শাহবাগ থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন বিচারক।'
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৯ জুন ফেসবুক গ্রুপ 'পাত্র-পাত্রী দুজনেই হবে ঢাবিয়ান' এমন কথা লিখে পোস্ট করেন আসামি নাজমুস সাকিব। সেই পোস্টের সূত্র ধরে ২০২৩ সালের জুন মাসে বাদির সঙ্গে আসামির পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে আসামি আগের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি গোপন রাখেন। এরপর বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। তাদের এই সম্পর্কের কথা দু’পরিবারের সদস্যরা জানতেন। উভয়ের বাসায় অবাধ যাতায়াত ছিল দু'জনারই। সর্বশেষ গত ৪ এপ্রিল রাতভর বাদি আসামির বাসায় অবস্থান করেন এবং সেখানে বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
পরে বাদি জানতে পারেন আসামি আগেই অন্য এক নারীকে বিয়ে করেছেন। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের সময় আসামি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে মামলা করলে ভয়ভীতি দেখিয়ে বাদিকে প্রাণনাশের হুমকি দেয় আসামি।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

