আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিসিবি পরিচালক কণ্ঠশিল্পী আসিফ আকবরের মামলার রায় ৯ মার্চ

স্টাফ রিপোর্টার

বিসিবি পরিচালক কণ্ঠশিল্পী আসিফ আকবরের মামলার রায় ৯ মার্চ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে চার বোতল টাকিলা বিদেশি মদ নিজের হেফাজতে রাখার অভিযোগে করা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন ও রায় ঘোষণার তারিখ আগামী ৯ মার্চ নির্ধারণ করেছে আদালত।

মঙ্গলবার (৩ মার্চ) শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমীর আদালত এই তারিখ ধার্য করেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ এই মামলায় দুজন সাক্ষী তাদের জবানবন্দি দেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। তাদের জেরা শেষ হওয়ায় আদালত আগামী ৯ মার্চ মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন ও রায় ঘোষণার জন্য তারিখ ধার্য করেন।

ওই দুই সাক্ষী হলেন— মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক মো. জামাল উদ্দিন ও পুলিশ পরিদর্শক শাহিনুর ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৬ জুন তেজগাঁও থানার অন্তর্ভুক্ত পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্টের অফিস থেকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের একটি মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় আসিফ আকবরের অফিস কক্ষে চার বোতল অবৈধ টাকিলা মদ পাওয়া যায়।

মদ পাওয়ার পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়। লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই সিআইডি পুলিশের সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) উপপরিদর্শক মো. জামাল উদ্দিন তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

২০২৪ সালের ২৫ নভেম্বর তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে মামলাটিতে তিন জন সাক্ষী সাক্ষ্য দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন