শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির গ্রন্থাগারের সহকারী বুক বাইন্ডার মোস্তফা আসিফ অর্নবকে জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় তার এই জামিন মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অর্নবের পক্ষে তার আইনজীবী আজমত হোসাইন জামিন চেয়ে আবেদন করেন।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার (নারী ও শিশু) আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন, বাদী মামলা প্রত্যাহারের আবেদন করেছে। আসামি পক্ষ জামিন আবেদন করেন। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন।
মামলায় অভিযোগ করা হয়, ৫ মার্চ দুপুরে শাহবাগ থেকে হেঁটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। সেখানে রাজু ভাস্কর্যের সামনে পৌঁছালে মোস্তফা আসিফ অর্নব ওই শিক্ষার্থীর সামনে আসেন। ছাত্রীটিকে তার পোশাক নিয়ে রাস্তায় হেনস্তা করেন। এসময় ওই শিক্ষার্থী প্রক্টরকে মোবাইলে কল দিতে চাইলে অর্নব দৌড়ে পালিয়ে যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

