তালাক ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর আত্মপক্ষ সমর্থনের জন্য ১৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, এদিন মামলার আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ছিল। তবে তামিমা আদালতে উপস্থিত না হয়ে সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করেন। তবে তামিমা উপস্থিত না থাকলেও ক্রিকেটার নাসির আদালতে হাজিরা দেন।
মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তাম্মির স্বামী রাকিব হাসান বাদী হয়ে আদালতে এ মামলা করেন। এরপর গত বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে পিবিআই’র পুলিশ পরিদর্শক শেখ মো. মিজানুর রহমান তিনজনকে দোষী সাব্যস্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। ২০২২ সালের ২৪ জানুয়ারি ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত নাসির-তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এ মামলার অপর আসামি তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়।
একই বছরের ৬ মার্চ মহানগর দায়রা আদালতে অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে রিভিশন করেন নাসির ও তামিমা। অন্যদিকে তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতির আদেশের বিরুদ্ধে রিভিশন করেন বাদীপক্ষ। শুনানি শেষে গত ২৮ ফেব্রুয়ারি ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মেদ রিভিশন খারিজ করে দেন। একই সঙ্গে নাসিরের শাশুড়ি সুমি আক্তার মামলার দায় থেকে অব্যাহতির আদেশ বহাল রাখেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

