সাংবাদিকের ওপর পুলিশি নির্যাতনের বিচার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সাংবাদিকের ওপর পুলিশি নির্যাতনের বিচার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রাজধানীর বিজয় সরণিতে দায়িত্ব পালনকালে গ্লোবাল টেলিভিশনের মোজো রিপোর্টার বুলবুল হোসাইনের ওপর পুলিশি নির্যাতনের ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিকরা, নতুবা আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে জানান তারা।

বিজ্ঞাপন

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) এ আল্টিমেটাম দেওয়া হয়।

মানববন্ধনে ভুক্তভোগী সাংবাদিক বুলবুল অভিযোগ করে বলেন, গত ৪ আগস্ট বিজয় সরণি সিগন্যালে এক নারীর সঙ্গে পুলিশ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। পরবর্তীতে ওই নারীকে মারধর করা হলে এর দৃশ্য মোবাইলে ধারণ করছিলেন তিনি। এ সময় কয়েকজন পুলিশ সদস্য তার ওপর চড়াও হয়ে জোরপূর্বক একটি পুলিশের ভ্যানে তুলে নিয়ে শারীরিক নির্যাতন করেন। এক পর্যায়ে বুট পরা পা দিয়ে তার বুকে আঘাত এবং শ্বাসরোধের চেষ্টা করা হয়। পরবর্তীতে উপস্থিত সাধারণ মানুষ ও প্রত্যক্ষদর্শীদের সহায়তায় পুলিশের ভ্যান থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তিনি বলেন, ঘটনার পর ডিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি ঘটনার তদন্তে কোনো কমিটিও গঠন করা হয়নি ।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের দ্রুত শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে সাংবাদিক সমাজের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন