রাজধানীর মালিবাগ এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-তেজগাঁও বিভাগ। গ্রেপ্তারকৃতের নাম-মো. মনির হোসেন (৪০)। সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
রোববার রাত পৌনে ১০ টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে মনিরকে গ্রেপ্তার করে ডিবির একটি চৌকস দল।
ডিবি-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, রোববার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবির একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ ঘটনাস্থলে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ০৯:৪৫ ঘটিকায় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মালিবাগ মোড়ে অভিযান চালিয়ে মনির নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেফতারকৃতের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেপ্তার মনির পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর মালিবাগসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

