সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর ৬ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার

সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর ৬ দিনের রিমান্ডে

জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনের হকার সাগর হত্যার অভিযোগে করা মামলায় সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। এদিন ডা. এনামুরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড নেয়ার আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম।

বিজ্ঞাপন

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী। তিনি বলেন, রানা প্লাজার দুর্ঘটনায় আহতের চিকিৎসা দিয়ে আলোচনায় আসেন ডা. এনামুর রহমান। সেটি কাজে লাগিয়ে ফ্যাসিস্ট সরকারে যোগ দিয়ে এমপি ও পরে প্রতিমন্ত্রী হন তিনি। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছেন এনামুর রহমান। যারা ফ্যাসিজমের পক্ষে কাজ করেছেন, তাদের দৃষ্টান্তমূলক বিচার হোক। তাই মামলার তদন্তের স্বার্থে তার রিমান্ড মঞ্জুর করা প্রয়োজন।

অপরদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন জানান আসামিপক্ষের আইনজীবী শ্রী প্রাণ নাথ। তিনি বলেন, গত সংসদ নির্বাচনে ডা. এনামুর রহমান এমপি ছিলেন না। এ হত্যা মামলার সঙ্গে তিনি কোন ভাবে জড়িত না। মামলার ঘটনাস্থল মিরপুর, আর উনি থাকেন সাভারে। অনেক অসুস্থ ও বয়স্ক একজন মানুষ বিবেচনায় তার রিমান্ড বাতিল করা হোক। প্রয়োজনে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। গত রোববার রাতে রাজধানীর ভাটারা থেকে ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

আদালত সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই মিরপুর গোলচত্ত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওই দিন বিকেল ৪টায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৭ নভেম্বর শেখ হাসিনাসহ ২৪২ জন আসামি করে মামলা করেন নিহতের মা বিউটি আক্তার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন