আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিক রিমান্ডে

স্টাফ রিপোর্টার

হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিক রিমান্ডে

রাজধানীর গুলশান থানার হত্যা মামলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা এন্ট্রি টেরোরিজম ইউনিটের পরিদর্শক আমিনুল ইসলাম সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।

তিনি বলেন, এই আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী। সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় জনগণ তাকে আটকে দেয়। তিনি কয়েক লাখ টাকার বিনিময়ে দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু, যারা টাকার বিনিময়ে তাকে দেশত্যাগে সহযোগিতা করবে বলেছিল তারা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ধরা পড়েন।

তিনি আরো বলেন, মানিক বিভিন্ন সময়ে টকশোতে গিয়ে মারামারি করতেন। ফ্যাসিস্টের পক্ষে সাফাই গাইতেন। আন্দোলনের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। তার সাত দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ১৯ জুলাই গুলশানে প্রগতি স্বরণীতে গুলিবিদ্ধ হন শিক্ষার্থী আবু যর শেখ। পরে ২৭ জুলাই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় গত বছরের ১৬ নভেম্বর গুলশান থানায় মামলা দায়ের করেন নিহতের মা।

২০২৪ সালের ২৪ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে ভারতে পালিয়ে সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার করা হয়। পরে একাধিক হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে তাকে রিমান্ডে নেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন