বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে আহত ব্যবসায়ীর মৃত্যু

বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে আহত ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে আহত ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪০) এর মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৫ জুন) দুপুর সোয়া একটায় মারা যান।

বিজ্ঞাপন

মৃত্যু আনোয়ার হোসেনের স্বজনরা জানিয়েছেন, গত ৮ মে রাত আনুমানিক এগারোটার দিকে বাড্ডা ভুইয়া বাড়ি টেক পাড়া এলাকায় চিন্তিত সন্ত্রাসী নুরা পাগলা, সুটার সালাউদ্দিন, ছিনতাইকারী মাহিন, ইউসুফ, নয়নসহ বেশ কয়েকজন মিলে আনোয়ারকে পথরোধ করে মারধর করে এবং পেটে গুলি করে।

নিহতের খালাতো ভাই আব্দুল জব্বার বলেন, 'আনোয়ার আগে কাপড়ে ব্যবসা করতো, বর্তমানে ঐ ব্যবসা বাদ দিয়ে এলাকায় নির্মাণ সামগ্রীর ঠিকাদারি করতেন।' তার সঙ্গে সব সময় মোটা অংকের টাকা থাকতো।

ঘটনার পরে লোকজন তাকে উদ্ধার করে, ঐ রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে, সেখান থেকে বেসরকারি হাসপাতালে নেয়া হয়। কয়েক হাসপাতালে চিকিৎসা নিয়ে গত ১২ জুন পুনরায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে আজ রোববার ১৫ জুন দুপুরে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো: ফারুক বলেন, 'মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।'

নিহত আনোয়ারের গ্রামের বাড়ি বরিশালের হিজলা উপজেলায়। বর্তমানে পরিবার নিয়ে বাড্ডার আনন্দ নগর এলাকায় থাকতেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন