রাজধানীর উত্তরায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সাত মাসের মেয়েকে আছড়ে হত্যার অভিযোগে করা মামলায় শিশুটির বাবা কবির ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ২৩ জুলাই আসামি কবিরের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক মেহেদী হাসান ফয়সাল। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ রোববার দিন ধার্য করেন। শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে রিমান্ডে নেওয়ার ওই আদেশ দেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই সন্ধ্যায় সাত মাস বয়সী রাফা মনি কবিতাকে আছাড় মারেন বাবা কবির ইসলাম। সাধারণ জনতা তাকে পুলিশের হাতে সোপর্দ করে। পরদিন ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে তুরাগ থানা পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ১৬ জুলাই দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। শিশুটির মৃত্যু হলে পরদিন ১৭ জুলাই তুরাগ থানায় কবিরকে আসামি করে মামলা করেন শিশুটির নানি সারমীন আক্তার। পরে এ মামলায় কবিরকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার অভিযোগে বলা হয়, দুই বছর আগে কবিরের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে রাফা মনি জন্মগ্রহণ করে। কবির রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মাদকাসক্ত কবির প্রায়ই লিমাকে মারধর ও গালিগালাজ করতেন। ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কবিরের সঙ্গে লিমার কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে কবির ক্ষিপ্ত হয়ে মেয়ে রাফাকে তার নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে মাথার ওপর উঠিয়ে রাস্তায় আছাড় মারেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ জুলাই রাফার মৃত্যু হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


