দেশব্যাপী অব্যাহতভাবে চলমান নারী-শিশু নিপীড়ন, ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের শাস্তির দাবিতে 'ধর্ষণবিরোধী মঞ্চে'র ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
রোববার (০৯ মার্চ) রাত সাড়ে সাতটায় রাজু ভাস্কর্যের পাদদেশে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে ধর্ষণ ও ধর্ষকদের শাস্তি চেয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে সাড়ে আটটা নাগাদ একটি মশাল মিছিল নিয়ে রাজু ভাস্কর্য থেকে ভিসি চত্বর দিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় তারা 'জাস্টিস, জাস্টিস, উয়ি ওয়ান্ট জাস্টিস', 'সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে', 'তুমি কে, আমি কে?, আছিয়া, আছিয়া', 'অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন,' 'ধর্ষকের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন,' 'হলে হলে খবর দে, ধর্ষকদের কবর দে' প্রভৃতি স্লোগান দেন।
এবিষয়ে রোকেয়া হলের শিক্ষার্থী সুমাইয়া আক্তার রিয়া বলেন, দেশে চলমান ধর্ষণের ঘটনা ঘটলেও সরকার দেশের মেয়েদের নিরাপত্তা দিতে পারছেনা৷ শুধু তাই নয়, ধর্ষকদের শাস্তি দিতেও সরকারের দীর্ঘসূত্রিতা আমাদের নিরাপত্তার জন্য আশঙ্কার। আমরা চাই মাগুরার আছিয়ার ঘটনাসহ পূর্ববর্তী সকল ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যাতে অপরাধের মাত্রা শূন্যের কোঠায় নেমে আসে।
এর আগে দিনব্যাপী ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের শাস্তির দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে, লাঠি মিছিল, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাজুতে এসে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করে। এছাড়াও দুপুরে বুয়েট শহীদ মিনারে মানববন্ধন ও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বুয়েটের শিক্ষার্থীরা।
এর আগে শনিবার দিবাগত রাতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে নারীর প্রতি সংঘটিত ধর্ষণ, নিপীড়ন, নারীবিদ্বেষী 'মব' ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে দুটো দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে আত্মপ্রকাশ করে 'ধর্ষণবিরোধী মঞ্চ'। প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ ঘোষণা করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
এসময় এই মঞ্চ থেকে দুটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো- অনতিবিলম্বে ধর্ষণবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সকল ধর্ষণের বিচার নিশ্চিত করা এবং আছিয়ার হত্যাচেষ্টাকারী এবং ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

