এনবিআর বিলুপ্ত করে দুই বিভাগ প্রতিষ্ঠার অধ্যাদেশের বিরুদ্ধে রিট

এনবিআর বিলুপ্ত করে দুই বিভাগ প্রতিষ্ঠার অধ্যাদেশের বিরুদ্ধে রিট

এনবিআর বিলুপ্ত করে দুটি আলাদা বিভাগ গঠনের অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। শনিবার আইনজীবী জুয়েল আজাদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।

বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে বলে জানান রিটকারী আইনজীবী।

বিজ্ঞাপন

গত ১২ মে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে নতুন দুটি বিভাগ প্রতিষ্ঠার অধ্যাদেশ জারি করে সরকার।

অধ্যাদেশে বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। রাজস্ব সংগ্রহের মূলকাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।

এদিকে এ অধ্যাদেশ বাতিল করার দাবিতে রোববারও কলম বিরতি পালনের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আজ এনবিআর ভবনে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেওয়া হয়। গত মঙ্গলবার তিনদিনের কলম বিরতি কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। শনিবার তিনদিনের কর্মসূচি শেষ হওয়ার পর আরো একদিনের কর্মসূচি ঘোষণা করা হলো। কলম বিরতির কারণে এনবিআরের স্বাভাবিক কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত ঘটছে।

তবে চলমান অচলাবস্থা নিরসনে চারজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান শীর্ষ কয়েক কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সার্বিক পরিস্থিতি আলোচনা করে চার সদস্যকে দায়িত্ব দেওয়া হয় ঐক্য পরিষদের সঙ্গে আলোচনার জন্য। তারা হলেন হোসেন আহমদ, আলমগীর হোসেন, লুৎফুল আজীম ও ড. আবদুর রউফ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন