গ্রাহকদের কাছ থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বিকাশ, নগদ ও রকেটের ‘স্বেচ্ছাচারী ও অতিরিক্ত’ সার্ভিস চার্জ নেওয়া কেন অবৈধ, অসাংবিধানিক এবং আইনবিরোধী ঘোষণা করা হবে না—এ মর্মে জারি করা রুলের শুনানির জন্য আগামী কাল ৩ নভেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট।
সোমবার (২ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন। আদালতে রিট আবেদনকারী আইনজীবী ওবায়ুদউল্লাহ আল মামুন সাকিব নিজেই এর পক্ষে শুনানি করেন।
এর আগে এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ওই আইনজীবী। প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেছিলেন।
রুলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের চার্জ নির্ধারণ, ভোক্তা সুরক্ষা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে একটি স্বতন্ত্র এমএফএস আইন প্রণয়নের কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। বিশেষ করে দরিদ্র ও ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী ও যুক্তিসঙ্গত সার্ভিস চার্জ নিশ্চিত করার প্রসঙ্গটিও রুলে অন্তর্ভুক্ত রয়েছে।
অর্থ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


