ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন পরিচালিত ফাজিল ও কামিল মাদরাসাগুলোর গভর্নিং বডি ও এডহক কমিটি বাতিলের সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার (২ নভেম্বর) এ-সংক্রান্ত রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী পারভেজ হোসেন। তিনি আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে, হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হতে পারে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।

এর আগে গত ১৯ অক্টোবর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাজিল ও কামিল মাদরাসাগুলোর গভর্নিং বডি ও এডহক কমিটি বাতিল করে অফিস আদেশ জারি করে।

ওই আদেশে বলা হয়, গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অধীন পরিচালিত ফাজিল ও কামিল মাদরাসাগুলোর গভর্নিং বডি ও এডহক কমিটি বাতিল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। রিটের শুনানি শেষে সোমবার আদালত ওই অফিস আদেশের কার্যকারিতা স্থগিত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন