দেড় হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

এস আলম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

এস আলম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

প্রায় সাড়ে ১ হাজার ৫০০ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের নামে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সংস্থাটির সহকারী পরিচালক মাহমুদুল হাসান বাদী হয়ে সমন্বিত কার্যালয় ঢাকা-১-এ পৃথক মামলা দুটি করেন। প্রথম মামলায় এস আলম গ্রুপ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে ৭৯৬ কোটি ২৮ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় মামলায় সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভীনের বিরুদ্ধে ৭৪৩ কোটি ৫৭ লাখ টাকার বেশি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দুদক আইনের ধারায় অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, সাইফুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে সিঙ্গাপুর, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডসহ বিভিন্ন দেশে বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে আয়কর নথিতে তা অন্তর্ভুক্ত না থাকায়, এ সম্পদকে পাচার বলছে দুদক। ক্ষমতার পটপরিবর্তনের পর গত বছরের ২৪ আগস্ট এস আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। এরপর এস আলম গ্রুপ সংশ্লিষ্টদের গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে তলব করে দুদক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন