রাজধানীর পল্টনে ‘মার্চ ফর খেলাফতের’ মিছিল থেকে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ১৭ সদস্যকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।
শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে নেয়া আসামিরা হলেন, তরিকুল ইসলাম, আহমেদ নাফিস মোর্শেদ, আব্দুল্লাহ, শাহাদাত হোসেন, তানভির মাহতাব রাফাত, আবু শোহাইব, আসাদুজ্জামান নূর, আশফাক আহম্মেদ, সাব্বির হোসাইন, রিফাত ইসলাম রিশাদ, আল রাফি সাজ্জাদ, রেদোয়ান বিন শহিদুল, মিয়াজী আব্দুল্লাহ আল মুত্তাকী, হাবিবুর রহমান, হেলাল উদ্দিন, আহমেদ নাসিফ কবির কাব্য ও তানিম সিকদার সিহাব।
এদিন মামলার তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পুলিশ। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। জামিনের বিরোধিতা করে রিমান্ডে নেয়ার পক্ষে শুনানি করে রাষ্ট্রপক্ষ কৌঁসুলি। উভয় পক্ষের শুনানি শেষে তাদের প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলায় অভিযোগ, শুক্রবার ৭ মার্চ দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে অজ্ঞাতনামা কয়েক হাজার ব্যক্তি মার্চ ফর খেলাফত ব্যানারে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সদস্যরা। তারা মিছিল নিয়ে পল্টন মোড়ের দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। আসামিরা পুলিশের বাধা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে আবারও বাঁধা দেয় পুলিশ। এতে তারা প্রতি ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জানমাল রক্ষার্থে মিছিল ছত্রভঙ্গ করার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এরপরও নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে গ্রেপ্তার করা হয় তাদের। পরে এ ঘটনায় পল্টন থানায় উপপরিদর্শক রাসেল মিয়া বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা একটি মামলা দায়ের করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

