আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ‘ট্রাইব্যুনালে যেসব বিচার চলমান আছে এবং আগামী দিনে যে মামলাগুলো বিচারের জন্য আসবে, আমি সম্পূর্ণরূপে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী ট্রাইব্যুনালের বিচারকাজে সহযোগিতার চেষ্টা করব।’
সোমবার চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণের পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমি একটা কথা শুধু বলতে চাই। এই ট্রাইব্যুনালে যেসব অপরাধী বিচারের সম্মুখীন, তাদের জন্য সুস্পষ্ট মেসেজ। যারা কোনো অন্যায় করেনি, তারা হয়রানির শিকার হবেন না, অন্তত প্রসিকিউশনের মাধ্যমে। কিন্তু যারা প্রকৃত অপরাধী, তাদের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ক্লিয়ার মেসেজ আমি দিতে চাই, যারা অপরাধী তাদের প্রাপ্য সাজা পেতে হবে। এটাই হচ্ছে আমার আজকের দিনে মেসেজ।’
নতুন সরকারের অধীনে ট্রাইব্যুনালের বিচার মন্থর হবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, ‘নির্বাচিত সরকারের মাধ্যমে ট্রাইব্যুনালের বিচারকাজের গতি আরও বাড়বে বলে আমি প্রত্যাশা করছি।’
এর আগে বেলা আড়াইটার দিকে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এসে দায়িত্ব গ্রহণ করেন আমিনুল ইসলাম। এ সময় বিদায়ি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাকে ফুল দিয়ে বরণ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

