রাজধানীর চাঁদনি চক মার্কেটে ঢাবি'র দুই শিক্ষার্থীকে হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার তিন ব্যবসায়ীকে এক দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত এ আদেশ দেন।
রিমান্ডে নেয়া আসামিরা হলেন নজরুল ইসলাম মিলন, চুন্নু মিয়া ও নামজুল। এদিন তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলায় অভিযোগ, গত ২৬ মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মোহাম্মদ সাহেদুল ইসলাম ও আয়েজুর কেনাকাটা করতে নিউমার্কেটের চাঁদনি চক মার্কেটে যান। এ সময় ওই দোকানে কেনাকাটা করতে আসা এক মেয়ে দরকষাকষি করলে দোকান কর্মচারীরা গালিগালাজ করতে থাকেন। তখন দুই শিক্ষার্থী এটার প্রতিবাদ করলে ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ২৭ মে ভুক্তভোগী শিক্ষার্থী মোহাম্মদ সাহেদুল ইসলাম রাজধানীর নিউমার্কেট থানায় মামলা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

