জুলাই বিপ্লবে নারায়ণগঞ্জে হত্যাকাণ্ড

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

স্টাফ রিপোর্টার

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

জুলাই বিপ্লবে নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি করেন প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান। প্যানেলের অপর সদস্য হলেন- বিচারক অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

বিজ্ঞাপন

এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। তিনি আসামিদের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ পড়ে শোনান।

প্রথম অভিযোগে তিনি বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের জন্য আসামি একেএম শামীম ওসমান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। ১৯ জুলাই শামীম ওসমান, তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুর কাদেরকে ফোন করে বলেন, পুলিশ কিছু করতে পারছিল না। আমাকে হাতে অস্ত্র নিতে হয়েছে। আমি কিন্তু আর, অস্ত্র ছাড়া মুভ করছি না, দৌঁড়াইয়া পানিত নামাইছি সবগুলোরে, দুইটারে ধরছি, এখন যাচ্ছি সিদ্ধিরগঞ্জে, আর সজল মোল্লার সঙ্গে আলাপ করছি, বলেছি তোমরা আমাদের সাপোর্ট দাও, আমরা চিটাগাং রোড খালি করতেছি, আপনি একটু বলে দেন, আপনি নেত্রীকে বলে দেন, অস্ত্র হাতে ছবি আসলে যেন রাগ না করে।'

এরই ধারাবাহিকতায় ১৯ জুলাই দুপুর ১টা ও সন্ধ্যা ৬টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সাইনবোর্ড, জালকুড়ি, ভূইগড়, সদর থানাধীন চাষাড়া দেওভোগ মার্কেটের সামনে, গুলশান হলের নিকটবর্তী নয়ামাটি এলাকায় একেএম শামীম ওসমানের নির্দেশনায় ও শারীরিক উপস্থিতিতে তার ছেলে ইমতিনান ওসমান অয়ন ভাতিজা আজমেরী ওসমান, মিনহাজ উদ্দিন আহমদ (অয়ন ওসমানের শ্যালক), তানভির আহম্মেদ টিটুসহ (শামীম ওসমানের শ্যালক) শামীম ওসমানের নিয়ন্ত্রণাধীন ও অধীনস্ত রাজু আহম্মেদ, আব্দুল করিম বাবু মাউরা ডিস বাবু, কামরুল হাসান মুন্না, শাহ নিজাম উদ্দিন আহম্মেদ, সাহাদাত হোসেন ভূইয়া সাজনু, হাবিবুর রহমান রিয়াদ, সোহানুর রহমান শুভ্ররা দেশী-বিদেশি আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে উপস্থিত থেকে নিরস্ত্র আন্দোলনকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি করে আন্দোলনরত শিক্ষার্থী মো. পারভেজ, মাদ্রাসা শিক্ষার্থী কিশোর আদিল, গার্মেন্টসকর্মী মো. ইয়াসিন, বাস ড্রাইভার আবুল হোসেন মিজি, গার্মেন্টসকর্মী মো. রাসেল রানাসহ ৬ বছরের শিশু রিয়া গোপকে হত্যা করে এবং এবং দেশীয় অস্ত্রশস্ত্র রামদা, কিরিচ, ছুরি, হকিস্টিক, লাঠি দিয়ে আন্দোলনরত আহম্মদ আলী, সম্রাট, আল আমিন, হাসান গাজী, মো. রানাসহ অসংখ্য আন্দোলনকারীকে হত্যার চেষ্টার মাধ্যমে মারাত্মক জখম করে। যা আসামিদের জ্ঞাতসারে, সম্পৃক্ততায়, উপস্থিতিতে ও সহায়তায় সংঘটিত হয়েছে।

উল্লিখিত অপরাধ সংঘটনের মাধ্যমে আসামিরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ এর ৩(২), (এ), (জি), (এইচ), ৪(১), ৪(২), ৪(৩) ধারার অপরাধ করেছে। যা একই আইনের ২০ (২), ২০এ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

দ্বিতীয় অভিযোগ বলা হয়েছে, জুলাই বিপ্লবের সময় ২০২৪ সালের ২১ জুলাই দুপুর ১২টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ভূইগড় সিকদার পাম্পের সামনে ষাটোর্ধ্ব আব্দুর রহমানকে এবং ফতুল্লা থানাধীন ভূইগড় বাসস্ট্যান্ডের সামনে একই দিন দুপুর দেড়টায় রাকিব ব্যাপারীকে দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি করে হত্যাসহ অসংখ্য ছাত্র-জনতাকে গুলি করে গুরুতর জখম করার অপরাধ।

তৃতীয় অভিযোগে বলা হয়েছে, জুলাই বিপ্লবের সময় ২০২৪ সালের ৫ আগস্ট নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন চাষাড়া মোড়স্থ শহীদ মিনারের সামনে সকাল সাড়ে ১০টায় নিরস্ত্র আন্দোলনকারী বদিউজ্জামানকে দেশীয় অস্ত্র, রামদা, পেতি, লোহার রড দিয়ে পিটিয়ে আহত করাসহ চিকিৎসা কাজে বাধা দিয়ে হত্যা এবং একই দিন দুপুর সাড়ে ৩টায় সদর মডেল থানাধীন মিশনপাড়ামুখী রাস্তার সামনে আবুল হাসান সজনকে দেশীয় ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি করে হত্যাসহ অসংখ্য ছাত্র-জনতাকে গুলি করে গুরুতর জখম করার অপরাধ। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে হত্যা, হত্যার চেষ্টা, নির্যাতন, অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধসমূহ সংঘটনের প্ররোচনা, উসকানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্র এবং অপরাধ সংঘটন থেকে বিরত না রাখা বা ব্যবস্থা না নেয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

এরপর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান তিনি। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য তুলে ধরতে সময়ের আবেদন জানান। আদালত আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য ২৩ এপ্রিল দিন ধার্য করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...