বিসিবি'র ফারুক আহমেদের হাইকোর্টে করা রিট বাতিল

বিসিবি'র ফারুক আহমেদের হাইকোর্টে করা রিট বাতিল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফারুক আহমেদের মনোনয়ন বাতিল ও আমিনুল ইসলাম বুলবুলকে নতুন পরিচালক মনোনীত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা রিটটি (আউট অফ লিস্ট) কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

সোমবার বিসিবির বাদ দেয়া সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদের করা রিটের শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন।

আদালতে ফারুক আহমেদের শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান। আমিনুল ইসলাম বুলবুলের পক্ষে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম এবং রাষ্ট্রপক্ষে বদিউজ্জামান তফাদার, সহকারী অ্যাটর্নি জেনারেল এরশাদ হোসেন রাশেদ, রুহুল আমিন শিকদার উপস্থিত ছিলেন।

বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেয়ার পর দুটি বোর্ড সভা হয়েছে এবং আইসিসিকে লিখিতভাবে জানানো হয়েছে—এ কথা জানিয়ে বিসিবির আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম বলেন, আইনি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই ফারুককে সরানো হয়েছে।

এর আগে, গত ২৯ মে বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন এবং নয়জন বোর্ড পরিচালকের আটজনের অনাস্থা বিবেচনায় নিয়ে বিসিবির পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন