দুর্নীতি মামলায় ইউপি চেয়ারম্যান লাক মিয়া চার দিনের রিমান্ডে

দুর্নীতি মামলায় ইউপি চেয়ারম্যান লাক মিয়া চার দিনের রিমান্ডে

ক্ষমতার অপব্যবহারপূর্বক জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্রাহ্মন্দি ইউনিয়নের চেয়ারম্যান লাক মিয়ার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন।

এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. রাকিবুল হয়াত আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন।

লাখ মিয়ার পক্ষের আইনজীবী মোবারক হোসেন ভূইয়া রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, আসামির ৪৯টি ব্যাংক অ্যাকাউন্টে ১৪ হাজার কোটি টাকা লেনদেনের অভিযোগ করেছে দুদক। তবে এ বিষয়ে কোনো নথিপত্র দেখাতে পারেনি তারা। মানিলন্ডারিং এরও অভিযোগ এনেছেন দুদক। এখানে কি লেনদেন হয়েছে সে সব নথিপত্র দাখিল করা হয়নি। ১৯৯০ সাল থেকে আসামি ব্যবসা বাণিজ্য করে আসছেন। আসামি নিয়মিত রিটার্ন দাখিল করে আসছেন। এখানে কোনো অনিয়ম দুর্নীতি থাকলে এনবিআর মামলা করতে পারতো। আসমির হার্টে ৫টি রিং পড়ানো আছে। মানবিক কারণে রিমান্ড বাতিলপূর্বক আমরা জামিনের আবেদন করছি।

জামিনের বিরোধিতা করে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন,আসামির কাছে ৩ কোটি টাকার তথ্য পাওয়া গেলেও, এখন ৫৫ কোটি টাকার কোন হিসেব পাওয়া যায়নি। হিসেব না মেলায় তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, লাক মিয়া চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুস ও দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৫৫ কোটি ২৩ লাখ ৫২ হাজার ৯৫১ টাকা মূল্যের সম্পত্তির মালিকানা অর্জনপূর্বক দখলে রেখে এবং তার নামে ৪৯ টি ব্যাংক হিসাবে ১৪ হাজার ৩৭৬ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৫০১ টাকা অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার চেষ্টা করেন।

গত ৬ মার্চ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্রাহ্মন্দি ইউনিয়নের চেয়ারম্যান লাক মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন