রাজধানীর উত্তরায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার

রাজধানীর উত্তরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ। শুক্রবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলো-রাসেল মিয়া (২২), মোঃ সাগর (১৯), নাহিদ মিয়া (১৯), সুমন বাবু (৩১), জাফর মোল্লা (২২) ও আব্দুল আজিজ (২২)। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি, দুইটি চাকু ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩:৩৫ টায় উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরের আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে উত্তরা পশ্চিম থানাধীন ১০ নম্বর সেক্টরের আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়কের ফ্লাইওভারের ১৫৩ নম্বর পিলারের পশ্চিম পাশের ফাঁকা জায়গায় কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে বলে তথ্য পায় পুলিশ। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের সাথে থাকা কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় উত্তরা পশ্চম থানায় গ্রেপ্তারকৃতরাসহ পলাতক অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন