শিগগিরই বাজারে আসছে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট। এসব নোটে কোনো ব্যক্তির ছবি থাকবে না। তবে এসব নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
গত শনিবার রাজধানীর আগারগাঁও দেশের প্রথম ‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, নতুন নোট ছাপানো শুরু হয়েছে। এতে কোনো ব্যক্তির ছবি থাকছে না। নতুন নোটে থাকবে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। ঈদে বাজারে প্রথমে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট আসবে।
জানা গেছে, নোটগুলো বাজারে ছাড়ার আগে আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দেখানো হবে।
এদিকে নতুন ডিজাইনের কয়েকটি নোটের ছবিতে দেখা গেছে, সুন্দরবন, ঐতিহাসিক স্থাপনা ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতীক। এসব নোটে দেশের পরিচিতি ও গৌরবময় ইতিহাসের ছাপ সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
১০০ টাকার নতুন নোটে সুন্দরবনের ছোঁয়া
১০০ টাকার নতুন নোটে এক পাশে রয়েছে বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ ও জাতীয় প্রাণী রয়েল বেঙ্গল টাইগারের জলছবি। অপর পাশে দেখা যাবে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন ‘সুন্দরবন’।
২০০ টাকার নোটে ধর্মীয় সম্প্রীতির প্রতিফলন
নতুন ২০০ টাকার নোটে হালকা হলুদ রঙে দেখা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত অপরাজেয় বাংলা ভাস্কর্য। অপর পাশে ফুটে উঠেছে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি—মুসলিম, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় পোশাক ও উপাসনালয় সহ উপস্থাপিত হয়েছে।
৫০০ টাকার নোটে শহীদ মিনার ও সুপ্রিম কোর্ট
নতুন ৫০০ টাকার নোটে একপাশে স্থান পেয়েছে জাতীয় চেতনায় অনন্য কেন্দ্রীয় শহীদ মিনার। অপর পাশে রয়েছে দেশের সর্বোচ্চ আদালত, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি।
১০০০ টাকার নোটে জাতীয় স্মৃতিসৌধ ও সংসদ ভবন
সবচেয়ে বড় মূল্যমানের ১০০০ টাকার নোটে একদিকে রয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ, যা দেশের স্বাধীনতার প্রতীক। অপরদিকে রয়েছে জাতীয় সংসদ ভবন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

