এক দশক আগে রাজধানীর যাত্রাবাড়ীর হাজী আব্দুল লতিফ ভূইয়া ডিগ্রি কলেজ গেট থেকে এক ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অপরাধে তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. গোলাম কবিরের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হাজী আ. লতিফ ভূইয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও ভিকটিমের সহপাঠী শামীম হোসেন, তার দুই সহযোগী নাজমুল ও জিলকদ। রায়ে দণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাভোগের সাজা দেন বিচারক।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাজ্জাদ হোসেন সবুজ এ তথ্য নিশ্চিত করেন।
এদিন রায় ঘোষণার আগে তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার সূত্রে জানা গেছে, ভিকটিম হাজী আব্দুল লতিফ ভূইয়া ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। শামীমও একই কলেজে তার সঙ্গে পড়াশোনা করতো। ভিকটিম কলেজে ভর্তি হওয়ার পর থেকে শামীম তাকে নানাভাবে প্রেমের প্রস্তাব দিতে থাকে। তার প্রস্তাব প্রত্যাখান করায় ২০১৬ সালের ১৫ মার্চ ওই ছাত্রীকে কলেজ গেট থেকে মাইক্রোবাসে তুলে নেন শামীম তার দুই সহযোগী নাজমুল এবং জিলকদ। পরে তাকে মাতুয়াইলে নিয়ে তারা তিনজন মিলে দলবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা ঘটনার দুই দিন পর ১৭ মার্চ যাত্রাবাড়ি থানায় মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করে ওই বছরেই যাত্রাবাড়ী থানা-পুলিশ তিনজনকে অভিযুক্ত জরে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করলে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ৮ জন সাক্ষ্য প্রদান করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

