কামরাঙ্গীরচরে রকি হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

কামরাঙ্গীরচরে রকি হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জের ধরে রকি হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ । গ্রেপ্তারকৃতরা হলো- মো. আবু তালেব মেম্বার (৩৭) ও মো. পলাশ খাঁ (৩৩) । মাদারিপুর জেলার কালকিনি থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লালবাগের ডিসি মোহাম্মদ জসিমউদদীন এ তথ্য জানান।

বিজ্ঞাপন

ডিসি লালবাগ আরও জানান, কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায় গত ২৩ জুন রাত সারে ১২টার মধ্যে কামরাঙ্গীরচর থানাধীন ৫৭নং ওয়ার্ডের বেড়িবাধ এলাকায় রিকশা গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর ভিকটিম রকি কে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে গ্রেপ্তারকৃত আসামিসহ পলাতক আবু বক্কর, দুলাল মিয়া এবং অজ্ঞাতনামা ২/৩ জন একত্রিত হয়ে ধারালো চাকু দিয়ে কুপিয়ে ভিকটিম রকিকে গুরুতর জখম করে, অতঃপর তারা ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

ভিকটিমের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসে এবং তাৎক্ষণিক রকিকে নিয়ে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেয়। মেডিকেল যাওয়ার পথে রকির মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিম রকির মা রাজিয়া বেগমের অভিযোগের ভিত্তিতে কামরাঙ্গীরচর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

থানা সূত্রে আরও জানা যায়, মামলা রুজুর পর বিভিন্ন তথ্য বিশ্লেষণ, নিবিড় তদন্ত ও প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তারকৃত আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে মাদারিপুর জেলার কালকিনি থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। হত্যার কাজে ব্যবহৃত চাকু উদ্ধারসহ হত্যাকাণ্ডে জড়িত পলাতক অন্যান্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন