দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়ন বা ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। ক্ষমতায় থাকা কালে শেখ হাসিনা নিজেই তার এই পিয়নের ৪শ কোটি টাকার দুর্নীতি নিয়ে সংবাদ সম্মেলন করে ছিলেন।
বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ জারি করেন। এছাড়াও এদিন আদালতে সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও তার স্ত্রী, সাবেক উপ কর কমিশনার এস এম শিবলী নোমান ও তার স্ত্রী এবং ভোলা-৩ আসনের এমপি নূরন্নবী চৌধুরী শাওন ও তার স্ত্রী'র বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন।
এদিন আদালতে শুনানি করেন দুদকের কৌঁসুলি মীর আহমদ আলী সালাম। তিনি বলেন, দুদকের উপ-পরিচালক রাশেদুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারসহ সাবেক দুই এমপি ও কর কর্মকর্তা এবং তাদের স্ত্রীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে তাদের প্রত্যেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন বিচারক।
আদালত সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম ঢাকায় তার নিজ নামে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। এছাড়াও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে ৮টি ব্যাংক অ্যাকাউন্টে ২৩টি হিসাবে মোট ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা হস্তান্তর ও স্থানান্তর করেন। যা দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ। এরপর গত ১৭ ডিসেম্বর জাহাঙ্গীর আলম ও তার স্ত্রীর কামরুন নাহারের বিরুদ্ধে মামলা করে দুদক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

