নির্বাচনে অংশগ্রহণ করতে দোয়া চাইলেন শাহজাহান খান

নির্বাচনে অংশগ্রহণ করতে দোয়া চাইলেন শাহজাহান খান

কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা ও আগামী নির্বাচনে যেন অংশগ্রহণ করতে পারেন এজন্য দোয়া চেয়েছেন পতিত সরকারে অন্যতম সহযোগী সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।

বিজ্ঞাপন

বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির আগে তিনি এসব কথা বলেন।

এদিন সকালে শাজাহান খান, আনিসুল হক, কামাল মজুমদার, আতিকুল ইসলাম, সোলায়মান সেলিমসহ অন্য আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর সকাল আদালতে তোলার সময় কেমন আছেন জানতে চাইলে সাংবাদিকের প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, আছি তোমাদের দোয়ায় ভালো আছি। দোয়া করবা আমার জন্য। তখন ওই সাংবাদিক পাল্টা প্রশ্ন করেন, কি দোয়া করবো?

এর জবাবে তিনি বলেন, দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় এবং আগামী নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করতে পারি।

তখন ওই সাংবাদিক আবার বলেন, সবাই বলছে আপনারা দেশের বারোটা বাজিয়েছেন! তখন শাহজাহান খান বলেন, আমরা বারোটা বাজিয়েছি না কারা বারোটা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে।

পরে তাদের আদালতের কাঠগড়ায় উঠানো হয়। এ সময় তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। পরে আদালত এক এক করে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এরপর তাকে আদালত থেকে সিএমএম আদালতের হাজতখানার নেওয়ার সময় আবার প্রশ্ন করা হয়, আপনারা এতো হাসেন কেন?

জবাবে শাহজাহান খান বলেন, আমি সবসময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকবো। এরপর শাজাহান খানকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন