জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। ইতোমধ্যে চিঠিটি প্রস্তুত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
চিফ প্রসিকিউটর বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও কামালকে সাজা দিয়েছে। এছাড়া তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ এবং আহতদের পরিবারের সদস্যদের মধ্যে বণ্টন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ট্রাইব্যুনালের আইন অনুযায়ী রায় প্রকাশ হওয়ার ৩০ দিনের মধ্যে আসামির আপিল করার সুযোগ থাকে। সেই সময় পার হয়ে যাওয়ায় তারা আর এ সুযোগ পাচ্ছেন না; তাই তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে আইনি কোনো বাধা নেই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


