রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জে সাত বছর আগে ১১৮ গ্রাম হেরোইন জব্দের মামলায় ইমরান ও রবিন নামের দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সানজিদা নামের এক নারীকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরীর আদালত এ রায় ঘোষণা করে।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম (কাইয়ুম) বলেন, দণ্ডের পাশাপাশি দুই আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের আবার কারাগারে পাঠানো হয়।
মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৩ জানুয়ারি রাত ১০টার দিকে পুলিশ গোপন সংবাদে জানতে পারে, যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকায় হেরোইন বিক্রি হচ্ছে। সেখানে অভিযান চালিয়ে ইমরান ও রবিনকে আটক করা হয়। বেবি ও সানজিদা নামের দুই মাদক কারবারি পালিয়ে যান। ইমরান ও রবিনের কাছ থেকে ১১৮ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জনি মামলাটি করেন। মামলাটি তদন্ত করে একই বছরের ২৩ এপ্রিল ইমরান, রবিন ও সানজিদাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মুকিত হাসান। তবে বেবির বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়। পরে ২০১৯ সালের ২৭ জুন তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এ মামলায় বিচার চলাকালে পাঁচজনের সাক্ষ্য নেয় আদালত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

