ফাঁসাতে হলে একটা মামলাই যথেষ্ট: ফারজানা রুপা

ফাঁসাতে হলে একটা মামলাই যথেষ্ট: ফারজানা রুপা

আমাকে ফাঁসানোর জন্য একটি হত্যা মামলাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা।

বিজ্ঞাপন

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালতে বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানিতে এ মন্তব্য করেন তিনি।

এদিন মামলার তদন্ত কর্মকর্তারা দুই মামলায় ফারজানা রুপা এবং শাকিল আহমেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। গ্রেপ্তার দেখানোর শুনানির এক পর্যায়ে ফারজানা রুপা আদালতের অনুমতি নিয়ে কথা বলেন। তিনি আদালতকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আমার পক্ষে কথা বলার জন্য আইনজীবী নেই। আমার জামিনের বিষয়ে কথা বলতে চাই।

এর জবাবে বিচারক বলেন, এখন শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, জামিনের শুনানি হচ্ছে না।

এরপরও ফারজানা রুপা বলেন, মামলা তো ডজনখানেক হয়েছে। আমি একজন সাংবাদিক। আমাকে ফাঁসানোর জন্য একটা হত্যা মামলাই তো যথেষ্ট।

পরে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এদিন আদালতের কাঠগড়ায় শাকিল আহমেদ ও ফারজানা রুপা একে অপরের সঙ্গে কথা বলতে দেখা গেছে।

শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নেওয়ার পথে ফারজানা রুপা বলেন, একজন সাংবাদিককে আটকানোর জন্য একটা মামলাই যথেষ্ট। এতোগুলো মামলা দেওয়ার কি আছে? রোজার মাসে জামিন চেয়ে পাচ্ছি না। এর চেয়ে খারাপ কথা আর কি হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন