ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যা

তিনজনের যাবজ্জীবন, বিএনপির কাইয়ুমসহ খালাস ৪

তিনজনের যাবজ্জীবন, বিএনপির কাইয়ুমসহ খালাস ৪

প্রায় এক দশক পর ইতালীয় নাগরিক ও নেদারল্যান্ডস-ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিও বিডির কর্মকর্তা তাবেলা সিজার হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামেদুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করে।

রায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী ও মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এই তিনজনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয় আদালত।

বিজ্ঞাপন

এ সময় অভিযোগ প্রমাণ না হওয়ায় চার আসামিকে বেকসুর খালাস দেয় আদালত। খালাসপ্রপ্তরা হলেন- বিএনপি নেতা সাবেক কমিশনার এমএ কাইয়ুম ও তার ভাই আবদুল মতিন, শাখাওয়াত হোসেন শরিফ এবং মো. সোহেল ওরফে ভাঙারি সোহেল।

আদালত সূত্রে জানা গেছে, তাবেলা সিজার নেদারল্যান্ডস-ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিও কো-অপারেশন কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন। ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর গুলশান-২-এর ৯০ নম্বর সড়কে সন্ধ্যায় জগিং করার সময় তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

এ মামলায় ২০১৬ সালের ২৫ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে সাত আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেয় আদালত। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের ৭০ সাক্ষীর মধ্যে ৪২ জন আদালতে সাক্ষ্য প্রদান করেন।

এ রায়ে সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. জহিরুল ইসলাম (কাইয়ুম) বলেন, এদিন রায় উপলক্ষে কারাগারে থাকা চার আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক।

তিনি আরো বলেন, এ সময় অভিযোগ প্রমাণ না হওয়ায় বিএনপি নেতা কমিশনার এমএ কাইয়ুম ও তার ভাই আবদুল মতিনসহ চারজনকে খালাস দেয় আদালত। রায় শেষে সাজার পরোয়ানা দিয়ে দণ্ডিত তিন আসামিকে আবারও কারাগারে প্রেরণ করা হয়।

আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম রায়ে অসন্তোষ জানিয়ে বলেন, এ মামলায় ৪২ জন সাক্ষীর কেউ আসামিদের নাম বলেননি। পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব আমরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন