চার বছর আগে রাজধানীর হাতিরঝিলের আমবাগান এলাকায় ছয় বছরের এক শিশু কন্যাকে ধর্ষণচেষ্টা মামলায় মো. শুকুর আলী শেখের ১০ বছরের সশ্রম কারাদণ্ড।
সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ধর্ষণচেষ্টার মামলায় আসামি শুকুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ চেষ্টার অভিযোগে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
তিনি আরো বলেন, রায় ঘোষণার আগে এদিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। রায়ে কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামি শুকুর আলী রাজবাড়ী সদরের লন্দানপুর গ্রামের মৃত এখলাছ শেখের ছেলে।
মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২১ মে হাতিরঝিল থানার আমবাগানে মো. আতাহার আলীর রিকশা গ্যারেজের ভেতরে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা করে শুকুর আলী। পরে শিশুটি কান্না করায় তাকে ছেড়ে দেয়। কান্নারত অবস্থায় বাসায় গিয়ে মায়ের কাছে ঘটনা জানায় শিশুটি। এ ঘটনায় পরের দিন ভুক্তভোগীর বাবা হাতিরঝিল থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে ২০২১ সালের ১৩ অক্টোবর আদালতে চার্জশিট দেয় হাতিরঝিল থানা-পুলিশ। এ মামলায় আদালত ছয় জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

