আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ রিমান্ডে

আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ রিমান্ডে

জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোরকে হত্যার অভিযোগে করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এ আদেশ দেন।

এর আগে তাকে আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক নজরুল ইসলাম তার পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ডে নেয়ার এ আদেশ দেন বিচারক।

গত ১৭ এপ্রিল উত্তরা এলাকা থেকে শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশ। এর আগে বিভিন্ন থানার মামলায় তাকে কয়েক দফা রিমান্ডে নেয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে থাকা আবদুল মোতালেব নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ওই বছরের ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন