বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এইচএসসি পরীক্ষার্থী মাহাদী হাসান পান্থকে হত্যার অভিযোগে সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিন সকালে তিন সাবেক মন্ত্রীকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ হোসেন তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
সকাল সোয়া ১০টার দিকে পুলিশ পাহারায় তাদের আদালতের হাজতখানা থেকে বের করা হয়। এরপর ধাপে ধাপে সিঁড়ি বেয়ে তারা আদালতের তলায় ওঠেন—সবার সামনে ছিলেন মেনন, মাঝে ইনু এবং পেছনে পলক।
তৃতীয় তলায় ওঠার পর ইনু সিঁড়িতে দাঁড়িয়ে যান এবং জানান, তার হার্টে সমস্যা রয়েছে। তখন অন্য দুজনও থেমে যান। কিছুক্ষণ পর তারা আবার সিঁড়ি বেয়ে উঠতে শুরু করেন। তবে চতুর্থ তলায় গিয়ে আবারো থেমে যান। এরপর দীর্ঘশ্বাস ফেলে, হাঁপাতে হাঁপাতে কাঠগড়ায় পৌঁছান।
শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তাদের পুলিশ প্রহরায় লিফটের মাধ্যমে আদালতের পঞ্চম তলা থেকে নিচে নামিয়ে হাজতখানায় ফিরিয়ে নেওয়া হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


