দুদকের করা অবৈধ সম্পদ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেছেন আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম ও তার মা আয়েশা আক্তার।
বুধবার ঢাকার চার নম্বর বিশেষ জজ মো. রবিউল আলমের আদালতে এ দাবি জানিয়ে ন্যায়বিচার প্রার্থনা করেন তারা।
আদালত সূত্রে জানা যায়, এদিন মামলাটিতে আসামিদের আত্মপক্ষ শুনানির দিন ধার্য ছিল। বিচারক আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। এরপর আদালত তাদের কাছে জানতে চান, তারা দোষী না নির্দোষ। এ সময় তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
এরপর আদালত জানতে চান, সাফাই সাক্ষ্য দেবেন কি না? জবাবে তারা সাফাই সাক্ষ্য দেবেন বলেও জানান। পরে আগামী ১০ মার্চ সাফাই সাক্ষ্যের শুনানির তারিখ ধার্য করেন আদালত।
আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন বলেন, এ মামলায় দুই আসামির মধ্যে জি কে শামীম কারাগারে আছেন। তার মা জামিনে আছেন। আজ অসুস্থ অবস্থায় তাকে অ্যাম্বুলেন্সে করে আদালতে হাজির করা হয়।
তিনি আরো বলেন, গত ১৭ ফেব্রুয়ারি মামলাটির রায় ঘোষণার কথা ছিল। জি কে শামীমের আইনজীবী শাহিনুর ইসলাম মামলার তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা করার আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেন।
২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। পরে ২০২১ সালের ১৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি। আর ২০২২ সালের ১৮ অক্টোবর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

