রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ২০ লাখ টাকারও বেশি মূল্যের ২০৫ গ্রাম হেরোইনসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তারকৃতের নাম মোঃ খোরশেদ (৪৭)।
সোমবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
রোববার বিকেল আনুমানিক ০৫:৪৫ টায় মোহাম্মদপুর থানার মিরপুরগামী রোডের অনুরাগ হোটেলের উত্তর পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, রোববার বিকেলে সিটিটিসির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মোহাম্মদপুর থানার মিরপুরগামী রোডের অনুরাগ হোটেলের উত্তর দিকে কয়েকজন মাদক কারবারি মাদকদ্রব্য হেরোইন কেনাবেচার উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে টিমটি সেখানে অভিযান চালিয়ে মোঃ খোরশেদকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১৫০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের ওজন ২০৫ গ্রাম ও আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এ সময় তার সাথে থাকা মোঃ আদিল ও ফাইজারসহ কয়েকজন মাদক কারবারি কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত খোরশেদ ও পলাতক ব্যক্তিরা হেরোইন ক্রয়-বিক্রয়ের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল বলে স্বীকার করেছে। খোরশেদ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রি করতো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

