দুর্নীতির অভিযোগ থাকায় সনি র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন ও পরিবারের দুই সদস্যসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। নিষেধাজ্ঞা পাওয়া অন্য দুই আসামি হলেন, আকরাম হোসেনের ভাই সনি র্যাংগসের ডিএমডি বিনাস হোসেন ও পিতা সাচিমি ওগাওরা হোসেন।
সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এদিন দুদকের উপ-সহকারী পরিচালক ও অনুসন্ধানকারি কর্মকর্তা মো. আল আমিন এ আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামি সনি র্যাংগসের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন ও তার ভাই প্রতিষ্ঠানটির ডিএমডি বিনাস হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে আনুমানিক পনেরো থেকে বিশ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে।
গোপন অনুসন্ধান জানা গেছে, আসামি ও তাদের পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে প্রচুর স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। তারা এসব সম্পত্তি বিভিন্ন জায়গায় স্থানান্তর করার পায়তারা করছেন।
তাই এসব সম্পদ রোধকল্পে এবং আসামিদের অপরাধের আলামত রক্ষায় তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন। শুনানি শেষে তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির ওই আদেশ দেন আদালত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

