ভূয়া দুদক কর্মকর্তা চক্রের ৫ সদস্য রিমান্ডে

ভূয়া দুদক কর্মকর্তা চক্রের ৫ সদস্য রিমান্ডে

দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার প্রতারক চক্রের পাঁচ সদস্যের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে নেয়া আসামিরা হলেন-মো. সেলিম, তরিকুল ইসলাম, মো. আতিক, আবদুল হাই ও সোহাগ পাটোয়ারী।

এদিন তাঁদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার এসআই মাসুদ রানা তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড নিতে আবেদন করেন। আদালতে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের রিমান্ডে নেয়ার এ আদেশ দেন বিচারক।

এর আগে রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে চক্রের চার জনকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে র‍্যাবের সহযোগিতায় আসামি সোহাগ পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সনি ডিজিটাল এইচডি ক্যামেরা, বুম, সেলফি স্টিক, দুটি পাসপোর্ট, সমকাল পত্রিকার নামে আইডি কার্ড, এশিয়ান টিভি ও এফসি টিভির ভিজিটিং কার্ড, সোনালী ব্যাংকের চেক বই, ছয়টি মোবাইল সেট ও ১৩টি সিমকার্ড জব্দ করা হয়।

মামলায় অভিযোগ, প্রতারক চক্রটি দুদকের চেয়ারম্যান ও উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এ ঘটনায় ২৯ জুন তাদের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন