সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলম ২ দিনের রিমান্ডে

সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলম ২ দিনের রিমান্ডে

নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য বিক্রির মামলায় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত সংস্থা সিআইডি।

বিজ্ঞাপন

জিয়াউল আলমের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপরদিকে জামিন নামঞ্জুর করে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ৫ মার্চ জিয়াউলকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গত বছর ৯ অক্টোবর ১১ কোটির বেশি মানুষের ৪৬ ধরনের ব্যক্তিগত তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগে এনামুল হক নামে এক ব্যক্তি বাদী হয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে কাফরুল থানায় মামলা করেন। এ মামলায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়। এই মামলার এজাহার নামীয় আসামি আইসিটি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

মামলার অভিযোগে বলা হয়, জয় ও পলক একটি সংগঠিত সিন্ডিকেটের মাধ্যমে নাগরিকদের এনআইডির তথ্য ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে সরবরাহের মাধ্যমে ব্যবসার অনুমতি দেন। এসব তথ্য দেশি-বিদেশি প্রায় ১৮২টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে ২০ হাজার কোটি টাকা আত্মসাৎ করেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন