আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আরও ২ আসনের ব্যালট ও রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ

আমার দেশ অনলাইন

আরও ২ আসনের ব্যালট ও রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ
ছবি: সংগৃহীত

ঢাকা-৪ ও ঢাকা-১৬ আসনের ব্যালট পেপার, রেজাল্টশিট ও অন্যান্য নির্বাচনি সরঞ্জাম নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগে মামলার পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।

বিজ্ঞাপন

একই সঙ্গে ওই আসনের বিজয়ী প্রার্থীদের নোটিস ইস্যু করা হয়েছে। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৮ জুন দিন নির্ধারণ করেছেন আদালত।

রোববার (৮ মার্চ) কারচুপির অভিযোগের মামলাটি শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন ঢাকা-৪ আসনে বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন এবং ঢাকা-১৬ আসনে বিএনপি প্রার্থী প্রতিমন্ত্রী আমিনুল হক। তারা আবেদনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন।

এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির আটজন, জামায়াতে ইসলামীর সাতজন এবং স্বতন্ত্র একজন প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ব্যালট পেপার ও রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের এই বেঞ্চ।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন