নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-পলক

নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-পলক

ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৭ জনকে আরো একটি নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়াও এদিন রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের ৫ দিন রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদের আদালত এই আদেশ দেন।

গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন— গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, আওয়ামী লীগ কর্মী মোক্তার হোসেন চোকদার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও আসাদুজ্জামান রাজন।

এদিন গুলশান থানায় করা মামলায় সালমান এফ রহমান, মিরপুর থানার মামলায় আনিসুল ও পলক, উত্তরা পূর্ব থানার মামলায় আসাদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগেই সালমান এফ রহমান, আনিসুল হক ও পলককে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। পরে নতুন মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

অন্যদিকে নিউমার্কেট থানায় করা ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় শাহে আলম মুরাদকে ১০ দিন রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। এ সময় রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানায় আসামি পক্ষের আইনজীবী। অপর দিকে, জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত শাহে আলম মুরাদকে পাঁচ দিন রিমান্ডে নেয়ার আদেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ১৩ আগস্ট গ্রেপ্তার হন সালমান, আনিসুল ও পলক। এরপর একাধিক মামলায় গ্রেপ্তারসহ বিভিন্ন মেয়াদে রিমান্ডে ছিলেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন